জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার ও পরিবর্তনের বিরোধীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোটে যাবে না এনসিপি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বি বি রোডের সমবায় কমপ্লেক্স ভবনের নবম তলায় জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে আমরা কাজ করতে পারি। কিন্তু যারা পরিবর্তনের পথে বাধা দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “যারা অতীতে আগুন সন্ত্রাস করেছে, তারাই এখন আবার নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করলে আসন্ন জাতীয় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না।”
এনসিপি নেতা জানান, সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে দলটি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মতো প্রশাসননির্ভর ভোটের মাধ্যমে যেন ফ্যাসিবাদী শক্তি ফের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক রয়েছে।
চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণার পরিকল্পনার কথাও জানান তিনি।
আরোও পড়ুনঃ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 