বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙ্গেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার থেকে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছিলেন তিনি।
প্রায় ১৩৩ ঘন্টা অনশনের পর রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেয়া হয়।
হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন তারেক। ওই ভিডিওতে দেখা যায় তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।
ভিডিওর বর্ণনায় তিনি লিখেছেন, ‘আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।’
সালাহউদ্দিন বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে (ইসি) কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি দুটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দৌড়ে ছিটকে পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন।
আরোও পড়ুনঃ অবৈধ সাম্রাজ্য ধরে রাখতে যুবলীগের সুজনের বিএনপিতে যোগদান
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 