জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সারা দেশে সব ধরনের গণপরিবহন চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।
আজ রবিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এই কথা বলেন।
তিনি বলেন, সোমবার সারা দেশের সব ধরনের গাড়ি চলবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করব। আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া। লকডাউন চলাকালে প্রায় ২০টি গণপরিবহন অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের লক্ষ্যেই ১৬ ও ১৭ নভেম্বর আবারো লকডাউনের ডাক দিয়েছে। তিনি এসব লকডাউন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
আরোও পড়ুনঃ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 