ফিলিস্তিনের গাজা সিটি তে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আরও ৭১ জন নিহত হয়েছেন। একই সময় ২৫১ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এখনও অজানা। কারণ, হতাহত অনেককে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি।
আনাদোলু এজেন্সির খবরে জানিয়েছে, শুক্রবার (২২ আগস্ট) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কোয়াডকপ্টার কিছুক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেখানে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।
আল-আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটি র তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে দুজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৩ হয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।
মন্ত্রণালয় বলেছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন। তারা আরও উল্লেখ করেছে, ইসরাইলি বোমা হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।
আরোও পড়ুনঃ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 