বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনে বিএনপির কোনো নেতাই মুচলেকা দেননি উল্লেখ করে ফখরুল বলেন, সে সময় গোটা দেশ আন্দোলনে নেমে এসেছিল। যুবদলের ৭৯ ও ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। সবার অবদান স্বীকার করতে হবে। সত্যকে সত্য বলতে হবে।
তিনি যোগ করেন, কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি। শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সবার ঐক্যবদ্ধতায় স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।
ফখরুল আরোও বলেন, আমরা কি চেয়েছিলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা চাঁদাবাজি করবে? যদি এমন হয়, তাহলে ভবিষ্যৎ কী? গোটা দেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। মানুষ শেখ হাসিনার পতনের অপেক্ষায় আছে। কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে দেশ আবার গড়ে উঠবে। বর্তমান পরিস্থিতি ফ্যাসিবাদীদের সুযোগ করে দিচ্ছে।
বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে হত্যা করল, তাদের কেন গ্রেফতার করা হলো না?
সংস্কারের বিষয়ে বিএনপির সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের তরফে সংস্কারে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করা হলেও দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে। তারেক রহমান চেষ্টা করছেন, কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়।
আরোও পড়ুনঃ গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 