ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সেবা, প্রশিক্ষণ ও সদস্য স্তরের ০৩ (তিন) জন রোভার স্কাউট—তাসনীমূল হোসেন, মোঃ আশরাফুল হক ও মোঃ মেহেদী হাসান—বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর ৩ শূন্যের পৃথিবী ধারণা প্রচারের উদ্দেশ্যে এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশগ্রহণ করবে। এই মহৎ ধারণা একটি টেকসই পৃথিবী গড়ার লক্ষ্যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের প্রতিফলন।

এই তিনজন রোভার স্কাউট বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার অধীনে ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের সদস্য। অংশগ্রহণকারীদের মধ্যে তাসনীমূল হোসেন বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী, মোঃ মেহেদী হাসান একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী এবং মোঃ আশরাফুল হক ডিপ্লোমা ইন সিভিল সম্পন্ন করেছেন।
রোভার প্রোগ্রাম সিলেবাস অনুযায়ী চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম থেকে পটিয়া, গাছবাড়িয়া, আমিদাবাদ, লোহাগাড়া, হারবাং, চকোরিয়া, ঈদগা এবং রামু হয়ে কক্সবাজারে গিয়ে পায়ে হেঁটে পরিভ্রমণ করবে।

এই যাত্রাপথে তাঁরা জনগণকে ড. ইউনূস-এর ৩ শূন্যের পৃথিবী ধারণা—শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ—এর ব্যাপারে সচেতন করবেন। এ উদ্যোগের মাধ্যমে তাঁরা নেতৃত্বের দক্ষতা, সামাজিক সচেতনতা এবং পরিবেশ ও মানবতার কল্যাণে কাজ করার অনুপ্রেরণা অর্জন করবেন।
তাসনীমূল হোসেন বলেন, “এই পদযাত্রার মাধ্যমে আমরা সমাজের মানুষকে ৩ শূন্যের পৃথিবীর প্রয়োজনীয়তা ও এর উপকারিতা সম্পর্কে জানাতে চাই। আমরা সকলের দোয়া চাই যেন আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে পারি।”
এই পরিভ্রমণের মাধ্যমে সারা বিশ্বে তথা বাংলাদেশে সকলের মাঝে এই তিন শূন্যের ধারণা ছড়িয়ে দিয়ে একটি আরো সুন্দর, সমৃদ্ধ ও টেকসই পৃথিবী গড়ে তোলায় সকলে অংশগ্রহণ করবে।
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 