ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে এবং প্রার্থীদের হলফনামায় নজর রাখতে এবার ‘আটঘাট বেঁধে’ মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি দুর্নীতিবাজদের ভোট না দিতেও প্রচার চালাবে সংস্থাটি। এ লক্ষ্যে গত রোববার ১৫টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে দুদকের একজন উপপরিচালককে করা হয়েছে দলনেতা। ১৫ জন উপপরিচালকের নেতৃত্বে ১৫টি দলে রয়েছেন ৯০ জন সদস্য। প্রতিটি দলে দুজন সহকারী পরিচালক ও দুজন উপসহকারী পরিচালক রয়েছেন। এ ছাড়া প্রতি দলে একজন করে কনস্টেবল বা সাপোর্টিং স্টাফ রয়েছেন। নির্বাচন লক্ষ্য করে এই টাস্কফোর্স গঠন করা হলেও দুদকের অফিস আদেশে চলমান অনুসন্ধান ও তদন্ত কাজে গতিশীলতা আনয়নের কথা বলা হয়েছে।
রোববার জারি করা দুদকের এ-সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশনের ৩৫/২০২৫ নম্বর কমিশন সভার কার্যবিবরণীর আলোচ্যসূচি বিবিধ ৩(ক) ক্রমিকে বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের বিশেষ তদন্ত/মানি লন্ডারিং/অনুসন্ধান ও তদন্ত-১ এবং অনুসন্ধান ও তদন্ত-২ অনুবিভাগের আওতাধীন সব চলমান অনুসন্ধান কার্যক্রমের গতিশীলতা আনয়ন ও গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে সব মহাপরিচালকের সঙ্গে আলোচনাক্রমে ১৫টি অনুসন্ধান টিম/টাস্কফোর্স গঠন করা হয়েছে। গঠিত ১৫টি অনুসন্ধান টিম/টাস্কফোর্স কমিশন কর্তৃক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কার্যসম্পাদন করবেন।’
নির্বাচনকালীন দুদকের কার্যক্রম নিয়ে সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন গণমাধ্যমে বলছেন, ‘সংসদ সদস্যদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ বেশি আসে। তাদের কাজ হচ্ছে সংসদে; কিন্তু তারা যদি উন্নয়নের অর্থ নিয়ে টানাটানি শুরু করেন, তাহলে তো দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেই বেশি আসবে। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। দুর্নীতিবাজদের মনোনয়ন ও নির্বাচনের সংস্কৃতি বন্ধ না হলে সামগ্রিকভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়।’
সংসদ সদস্য প্রার্থীদের হলফনামায় নজর রাখার কথা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের অন্যান্য কাজ স্থগিত রেখে বা কমিয়ে হলেও আমরা নির্বাচনকেন্দ্রিক কাজ করতে চাই। তবে বাস্তবতা হলো—স্বল্প সময়ে দুদকের পক্ষে প্রতিটি হলফনামা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করা কঠিন। তাই ইসির কাছে যদি কোনো ব্যক্তির সম্পদ বিবরণী ত্রুটিপূর্ণ মনে হয়, তারা সেটা আমাদের জানালে আমাদের পক্ষে যাচাই-বাছাই করা সহজ হবে। গণমাধ্যমে কোনো অসংগতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটা আমরা আমলে নিয়ে থাকি। এ ছাড়া সুনির্দিষ্ট কারও হলফনামার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এলেও সেটি আমরা খতিয়ে দেখব।
আরোও পড়ুনঃ নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 