বিশ্ব ইজতেমা

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন।

প্রতি বছরই বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জমায়েত হিসেবে পরিচিত। লাখ লাখ মুসলিম ইবাদত-বন্দেগি, দোয়া এবং ধর্মীয় আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, তবে কোন পক্ষ আগে ও কোন পক্ষ পরে করবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।

বিশ্ব ইজতেমার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বছর ইজতেমাকে দুই দফায় বিভক্ত করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুবিধার জন্য বিশেষভাবে সহায়ক হবে। ইজতেমার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে, এ বিশাল ধর্মীয় জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

এর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থি বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

আরোও পড়ুনঃ অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ২৩৯ কোটি ডলার

Check Also

স্ত্রী

স্ত্রীকে ‘আপু’ ডাকলে কি বিয়ে ভেঙে যাবে?

প্রশ্ন: আদর করে বা ভুলে স্বামী স্ত্রীকে আপু বা বোন বললে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা …