দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যাতেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনের আলোচিত এই সম্পর্ক বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে।
প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে তারা দুজনই ছিলেন নীরব। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে এড়িয়ে চলেছেন। তবে সব গুঞ্জনের ইতি টেনে এবার পরিণয়ের মাধ্যমে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে তাদের সম্পর্ক।
উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। এরইমধ্যে জেফার ও রাফসানের ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে গায়িকা জেফার রহমান কোনো মন্তব্য করেননি।
জেফার ও রাফসান দীর্ঘদিনের বন্ধু। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে গড়ায়। প্রায় এক বছর আগে রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে একসঙ্গে ভ্রমণে তাদের দেখা যাওয়ায় আলোচনাটি আরও জোরালো হয়।
তবে সব গুঞ্জনের অবসান ঘটছে জেফার- রাফসানের শুভ পরিণয়ের খবরের মধ্যদিয়ে।
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 