বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক বাণীতে এ কথা বলেছেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, দিবসটি আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহি মূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে। দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত করা হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছেন। আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তিনি আজকের এই দিনে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, দেশবাসী ১৬ বছর এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করে গত বছরের জুলাই-আগস্টে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করলেও এখনো পূর্ণ গণতন্ত্র আসেনি। অবাধ, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের অন্তর্ভুক্ত। গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার ছাড়া প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সম্ভব নয়।
আরোও পড়ুনঃ ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে আবারও ৩ দিনের অবরোধ
নিউজ ঢাকা 24 সত্য প্রকাশে সাহসী 